ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হন্ডুরাসের নতুন প্রেসিডেন্ট সিওমারা ক্যাস্ত্রো করোনায় আক্রান্ত

মধ্য আমেরিকার প্রজাতান্ত্রিক রাষ্ট্র হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের মাত্র কয়েকদিনের মাথায় মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বামপন্থি নেত্রী সিওমারা ক্যাস্ত্রো। রবিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাতে বিষয়টি তিনি নিজেই টুইট বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন।


সিওমারা জানিয়েছেন, তিনি প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। যদিও বর্তমানে তার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। এখন থেকে তিনি আইসোলেশনে থেকেই নিজের কাজ চালিয়ে যাবেন।


গতবছর নভেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয় লাভ করে হন্ডুরাসে ডানপন্থি ন্যাশনাল পার্টির দীর্ঘ ১২ বছরের শাসনের অবসান ঘটান সিওমারা ক্যাস্ত্রো। ২০০৯ সালে বড় ধরনের অভ্যুত্থানের মধ্য দিয়ে তার স্বামী ম্যানুয়েল জেলায়াকে প্রেসিডেন্টের পদ থেকে উৎখাতের পর ন্যাশনাল পার্টি ক্ষমতায় বসেছিল।


এ দিকে তাইওয়ানের প্রেসিডেন্সিয়াল অফিস থেকে জানানো হয়, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই গত মাসে হন্ডুরাসে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যদিও তাইপেতে ফেরার পর তিনি কোয়ারেন্টিনে ছিলেন এবং এখন বেশ ভাল আছেন।


উল্লেখ্য, তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে এশিয়ার পরাশক্তি খ্যাত রাষ্ট্র চীন। বিষয়টি নিয়ে মিত্র দেশগুলোকে নিজেদের পক্ষে রাখার চেষ্টা করছে তাইওয়ান। এখন পর্যন্ত যে ১৪টি দেশ তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে হন্ডুরাসও অন্যতম। সূত্র : রয়টার্স

ads
ads
ads

Our Facebook Page

↑